বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং-এর বাসভবনে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে শহরের রাজার মাঠ এলাকায় তার বাসভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর পেয়ে রাত ১২টার দিকে বান্দরবান শহরে ট্রাফিক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ২০-২৫ জনের একদল যুবক। পরে সেখান থেকে স্লোগান নিয়ে রাজার মাঠ এলাকায় এসে মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে ভবনে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছালে ১৫ মিনিটের মতো তাদের প্রবেশ করতে দেয়নি বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, 'পরে সেনা ও পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে সাবেক পার্বত্য মন্ত্রীর বাসভবন তিলতলা পর্যন্ত পুড়ে যায়। ভবনের নিচে তিনটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।'
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সাবেক পার্বত্য মন্ত্রীর বাসভবন এলাকায় সেনা ও পুলিশ সদস্য টহলে রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
