কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন: ৪৫ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
প্রায় সাত ঘণ্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন তা পুরোপুরি নির্বাপনের কাজ চলছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা বেজে ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে ভবনটি থেকে মোট ৪৫ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
প্রচুর ধোঁয়ার কারণে তিনটি ব্রিদিং টেন্ডার, একটি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজ-সংলগ্ন ওই ভবনটির নিচতলার ঝুট কাপড়ের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গুদামে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনাকবলিত জমেলা টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও এগুলোর বেইজমেন্ট একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার।
তিনি আরও জানান, বেজইমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।
