‘মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন’ হাসিনা-কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় কষ্ট অনুভব করছেন বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
আমির হোসেন বলেন, 'আমার ক্লায়েন্টদের (হাসিনা-কামাল) বিরুদ্ধে রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত। কিন্তু হয়নি। এটা আমার বিপক্ষে গেছে। এজন্য আমি কষ্ট পাচ্ছি। কারণ আমার পক্ষে এ মামলায় আপিল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আসামিরা আত্মসমর্পণ না করবেন কিংবা গ্রেপ্তার না হবেন।'
উল্লেখ্য, গত বছর জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এ গণঅভ্যুত্থানের জেরেই হাসিনা সরকারের পতন ঘটেছিল।
