লাগেজভ্যান প্রকল্পের নামে ৩৫৮ কোটির ক্ষতি; রেলের সাবেক ডিজিসহ ৬ জনের নামে দুদকের মামলা
রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে সংস্থাটির সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৬ নভেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটির উপ-সহকারী পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, পণ্য পরিবহন বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালে ৩৫৮ কোটি টাকায় ১২৫টি লাগেজ ভ্যান কিনেছিল বাংলাদেশ রেলওয়ে। তবে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এগুলো এখন প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও লক্ষ্য অনুযায়ী আয় তো বাড়েনি, বরং কমেছে।
লাগেজ ভ্যানগুলো মূলত পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয়–এমন দ্রব্য পরিবহনের জন্য কেনা হয়েছিল।
এ ঘটনায় রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, হারুন অর রশীদ, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরীসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে 'পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান, বেসরকারি খাতে ছাড়ার চিন্তা রেলওয়ের'- শিরোনামে টিবিএসে একটি সংবাদ প্রকাশিত হয়।
