মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
২০ বিলিয়ন ডলারের একটি ডাটা সেন্টার নিয়ে আইনি বিবাদে মার্কিন সরকার ইলন মাস্কের এক্সএআই-এর পক্ষে হস্তক্ষেপ করেছে। তাদের দাবি, এ সংক্রান্ত একটি বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার প্রচেষ্টা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই সপ্তাহে আদালতে দাখিল করা একটি আবেদনে, টেনেসির মেমফিসে অবস্থিত কলসাস ২ ডাটা সেন্টারে বিদ্যুৎ সরবারাহের জন্য বানানো কয়েক ডজন প্রাকৃতিক গ্যাস টারবাইন অবৈধভাবে পরিচালনার অভিযোগে দায়ের করা মামলাটি খারিজ করার অনুরোধ জানিয়েছে।
আফ্রিকান আমেরিকানদের বৃহত্তম নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি এপ্রিলে ১৯৬৩ সালের ক্লিন এয়ার অ্যাক্ট অনুযায়ী এই মামলা দায়ের করে। ক্লিন এয়ার অ্যাক্ট নাগরিকদের সম্ভাব্য দূষণকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা দাবি করার অধিকার দেয়।
এনএএসিপি অভিযোগ করেছে, এক্সএআই মিসিসিপির নিকটবর্তী সাউথহ্যাভেনে অবস্থিত এসব টারবাইন প্রয়োজনীয় অনুমতি ছাড়াই স্থাপন ও পরিচালনা করেছে, যার ফলে শত শত হাজার বাসিন্দা ক্ষতিকর দূষণের সংস্পর্শে এসেছে এবং এতে হাঁপানি, শ্বাসকষ্টজনিত রোগ, হৃদরোগ এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনসংখ্যার তুলনায় ওই এলাকায় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অনুপাত অনেক বেশি।
সোমবার যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতে দাখিল করা আবেদনে বিচার বিভাগ এনএএসিপিকে অভিযুক্ত করেছে যে, তারা "যুদ্ধ বিভাগের সামরিক অভিযানকে সমর্থনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার চেষ্টা করে জাতীয়, অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।"
আবেদনে আরও দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেওয়ানি জরিমানা চাওয়ার ক্ষমতা "সম্পূর্ণভাবে এবং চূড়ান্তভাবে" নির্বাহী শাখার হাতে ন্যস্ত, যার মধ্যে রয়েছে "এ ধরনের প্রয়োগ ব্যবস্থা কখন অপ্রয়োজনীয় বা ফেডারেল অগ্রাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তা নির্ধারণ" অন্তর্ভুক্ত।
বিচার বিভাগের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের শীর্ষ প্রসিকিউটর অ্যাডাম গুস্তাফসন এক বিবৃতিতে বলেন, সরকার "জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার জন্য বেসরকারি সংস্থাগুলোকে পরিবেশ আইনের অপব্যবহার করতে দেখেও নীরব থাকবে না"।
মাস্কের স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান এক্সএআই মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
মামলায় এনএএসিপিকে প্রতিনিধিত্বকারী পরিবেশ বিষয়ক আইনজীবী সংগঠন আর্থজাস্টিস এই হস্তক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি "বিশাল ক্ষমতা দখলের চেষ্টা" বলে নিন্দা জানিয়েছে।
আর্থজাস্টিসের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক লরা থমস এক বিবৃতিতে বলেন, "ট্রাম্পের বিচার বিভাগ ইলন মাস্কের ডাটা সেন্টার কোম্পানি এক্সএআই-কে অবৈধ দূষণের জন্য জবাবদিহি থেকে রক্ষা করতে চায় এবং এটি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, আদালত এবং কংগ্রেসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "এর কোনো নৈতিক বা আইনি নজির নেই।"
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস স্কুল অব ল-এর পরিবেশ আইন বিভাগের অধ্যাপক অ্যান কার্লসন বলেন, ট্রাম্প প্রশাসনের যুক্তি ক্লিন এয়ার অ্যাক্টের প্রয়োগ সীমিত করার একটি "নির্লজ্জ প্রচেষ্টা"।
তিনি বলেন, এটি এমন একটি মৌলিক ধারণার ওপর ভিত্তি করে দাঁড়ানো, যেখানে নির্বাহী শাখা কংগ্রেস অনুমোদিত নাগরিক সংগঠনগুলোর করা মামলা কোনো কারণ ছাড়াই খারিজ করতে পারে।
কার্লসন আল জাজিরাকে আরও বলেন, এই অবস্থান দূষণকারীদের এমনকি স্পষ্ট আইন লঙ্ঘনের ক্ষেত্রেও দায়মুক্তি দিতে পারে।
তিনি আরও বলেন, "এটি এমন বহু উপায়ের একটি, যার মাধ্যমে প্রশাসন বায়ুর মান রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করছে।"
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। মাস্ককে সাময়িকভাবে ব্যয় কমানোর দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে এবং পেন্টাগনের 'এআই-সক্ষম যুদ্ধ বাহিনী' গঠনের প্রচেষ্টায় এক্সএআই-এর প্রধান মডেল গ্রক ব্যবহার করা হচ্ছে।
সোমবারের আবেদনের সমর্থনে দেওয়া সাক্ষ্যে পেন্টাগনের শীর্ষ এআই কর্মকর্তা ক্যামেরন স্ট্যানলি বলেন, ইরান যুদ্ধের প্রথম ৯৬ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাহিনী দুই হাজার লক্ষ্যবস্তুতে দুই হাজার অস্ত্র হামলা চালাতে গ্রক ব্যবহার করেছে।
তিনি শপথের মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, যদি বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধতা বা কম্পিউটিং ক্ষমতার ঘাটতির কারণে গ্রক ব্যবহার বা উন্নয়ন বাধাগ্রস্ত হয়, তাহলে পেন্টাগনের ব্যবহৃত বহু সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
