সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমে তৃতীয় দিনে আরও ১০ হাজারের বেশি গ্রাহক তাদের আমানত উত্তোলন করেছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক মোট ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন। এ নিয়ে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর পর তিন দিনে মোট ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেলেন।
একই সময়ে ব্যাংকে গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি নতুন করে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এর বিপরীতে বুধবার ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর টাকা উত্তোলনের জন্য আবেদন করা গ্রাহকদের মধ্যে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। ওই দিন ব্যাংকে নগদে ৯৩ কোটি টাকা এবং আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা আসে। অর্থাৎ, দিনটিতে ব্যাংকে মোট ১৪১ কোটি টাকার অর্থপ্রবাহ ছিল। এদিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।
২ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের মধ্যে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন মোট ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। ওই দিন ব্যাংক ক্যাশে ৯০ কোটি টাকা এবং আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা আসে। ফলে এদিন ব্যাংকে মোট ১৯৫ কোটি টাকার অর্থপ্রবাহ ছিল। এদিন ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।
সব মিলিয়ে ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এর বিপরীতে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন।
অর্থাৎ, এখন পর্যন্ত আবেদন করা অর্থের প্রায় ৩১.৫ শতাংশ গ্রাহকদের পরিশোধ করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন কার্যক্রম চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাদের অর্থ উত্তোলন করছেন। একইসঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ এবং স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
