অননুমোদিত অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে ঋণ লেনদেন নিয়ে সতর্ক করল বিএফআইইউ
অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে পরিচালিত অবৈধ ঋণ কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএফআইইউ জানিয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডিজিটাল মাধ্যমে সহজ শর্তে ও দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে।
এসব অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনের কন্টাক্ট লিস্ট, ছবি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে ঋণের বিপরীতে অতিরিক্ত সুদ দাবি, ঋণ আদায়ের নামে হয়রানি ও মানসিক চাপ প্রয়োগ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের মতো ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিএফআইইউ।
সংস্থাটি বলেছে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বা অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এসব অননুমোদিত অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন 'মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২'-এর আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
বিএফআইইউ সাধারণ মানুষকে কোনো ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে প্রতারণা ও মানিলন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট অননুমোদিত অ্যাপ ও কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
ঋণের প্রয়োজনে অননুমোদিত কোনো অ্যাপে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য বা ব্যাংক হিসাবের বিবরণ না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণ দেওয়ার আগে অগ্রিম অর্থ, নিবন্ধন ফি বা প্রসেসিং ফি দাবি করা হলে তা না দিতে সতর্ক করেছে বিএফআইইউ।
এ ধরনের অবৈধ কার্যক্রমের সন্ধান পেলে বিএফআইইউর অফিসিয়াল ওয়েবসাইটে অভিযোগ জানাতে অথবা লিখিতভাবে সংস্থাটিকে অবহিত করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
