রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) এর নিয়ন্ত্রণাধীন ২টি জুট মিল ইজারা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
জুট মিল দুটি হচ্ছে খুলনার দিঘলিয়া উপজেলার চাঁদনীমহলে অবস্থিত স্টার জুট মিলস্ লিমিটেড এবং সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস্ লিমিটেড।
চুক্তি অনুযায়ী, ৩০ বছরের জন্য জুট মিল দুইটি ইজারা দেওয়া হয়েছে।
ইজারার আওতায় খুলনার স্টার জুট মিলসের ৪৫ দশমিক ৯৯ একর এবং সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসের ৩৭ দশমিক ৯৭ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে।
সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস্ লিমিটেডে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, ডেনিম পণ্য, জ্যাকেট, ওয়াশিং প্ল্যান্ট, হস্তশিল্প, ব্যাগ, ফুটওয়্যার ও খেলনা উৎপাদনের পাশাপাশি আধুনিক কাঁচামাল, প্যাকেজিং ও পণ্য সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করা হবে।
এই প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে এর ফলে ৬৫০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এই কারখানা থেকে বার্ষিক ৬০০ কোটি টাকার টার্নওভার হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, খুলনার স্টার জুট মিলস্ লিমিটেডে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। সেখানে ভ্যালু অ্যাডেড পাটজাত পণ্য, ফার্নিচার, মিডিয়াম ডেনসিটি ফাইবার (এমডিএফ) বোর্ডসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে। প্রকল্পটিতে আধুনিক কাঁচামাল, প্যাকেজিং ও ফিনিশড গুড সংরক্ষণ সুবিধাও থাকবে।
এর মাধ্যমে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই কারখানা থেকে বার্ষিক ৫০০ কোটি টাকার টার্নওভার হবে বলে আশা করা হচ্ছে।
