২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের
নতুন মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে আগামী তিন বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের প্রণীত আগামী অর্থবছরের মিডিয়াম-টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (এমটিবিএফ) অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, ওই সময় রিজার্ভ দিয়ে প্রায় ৫ দশমিক ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে, যা আন্তর্জাতিকভাবে প্রচলিত ছয় মাসের পর্যাপ্ততার মানদণ্ডের কাছাকাছি। এই প্রক্ষেপণ করা হয়েছে শক্তিশালী প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধি এবং সতর্ক বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। পরে তা কমে ২০২৩-২৪ অর্থবছরে ২৬ দশমিক ৯০ বিলিয়ন ডলারে নেমে আসে।
তবে এরপর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরের শেষে রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে ৪১ দশমিক ০১ বিলিয়ন ডলার, ২০২৭-২৮ অর্থবছরে ৫০ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং ২০২৮-২৯ অর্থবছরে ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
এতে ২০২০-২১ অর্থবছরের সংকট-পূর্ব সর্বোচ্চ অবস্থানও ছাড়িয়ে যাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
