৪ জাহাজ ক্রয়ে চীনের সঙ্গে ১৬৭ কোটি ইউয়ানের ফ্রেমওয়ার্ক চুক্তি সই
সমুদ্রবাণিজ্যে দেশের পরিবহন সক্ষমতা ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে চারটি নতুন জাহাজ ক্রয়ে ১৬৭ কোটি ইউয়ান (প্রায় ২,৪৮৬.৩১ কোটি টাকা) মূল্যের একটি কাঠামোগত চুক্তি সই হয়েছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী নিজ নিজ সরকারের পক্ষে এই চুক্তিতে সই করেন।
সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ফ্রেমওয়ার্ক চুক্তির পরপরই প্রকল্পটির জন্য একটি বিস্তারিত ঋণচুক্তি স্বাক্ষর করা হবে।
চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এসব জাহাজ যুক্ত হলে অপরিশোধিত তেল ও দেশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বাল্ক পণ্য পরিবহনে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এতে বিদেশি চার্টারকৃত জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং তা দীর্ঘমেয়াদে জাতীয় উন্নয়নের সহায়ক হবে।
চীন সরকার প্রকল্পটির জন্য ২ শতাংশ সুদে স্বল্পসুদে ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঋণের পরিশোধকাল ২০ বছর, যার মধ্যে প্রথম পাঁচ বছর থাকবে গ্রেস পিরিয়ড। কর্মকর্তারা জানান, নতুন এসব জাহাজ আগামী বছরগুলোতে বাংলাদেশের নৌপরিবহন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
