প্রথম তামিল অভিনেতা হিসেবে অস্কার কমিটিতে সুরিয়া
প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা হিসেবে অস্কার কমিটিতে জায়গা পেয়েছেন 'সুরারাই পত্রু' ও 'জয় ভীম' খ্যাত অভিনেতা সুরিয়া। মঙ্গলবার একেডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমির 'ক্লাস অব ২০২২'- এর তালিকা প্রকাশ করে, যেখানে ৩৯৭ জন শিল্পীর মধ্যে ছিল সুরিয়ার নামও।
এর আগে অস্কারের ইউটিউব চ্যানেলে 'সিন অ্যাট দ্য একাডেমি' শাখায় সুরিয়া অভিনীত আইনি লড়াই বিষয়ক চলচ্চিত্র 'জয় ভীম' এর একটি দৃশ্য প্রকাশিত হয়।
নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে 'ক্লাস অব ২০২২'- এ জায়গা করে নেওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করে অস্কার কর্তৃপক্ষ। এবছর ৩৯৭ জন শিল্পী ও নির্বাহী কর্মকর্তা অস্কারের সদস্যপদ নিতে আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে অস্কার মনোনয়নপ্রাপ্ত শিল্পী আছেন ৭১ জন এবং অস্কারজয়ী আছেন ১৫ জন। এছাড়াও, আমন্ত্রণপ্রাপ্তদের মধ্যে ৪৪ শতাংশ হলেন নারী এবং বাকি ৩৭ শতাংশ রয়েছেন কিছুটা সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষ।
সুরিয়া বাদে অস্কারের এই তালিকায় থাকা একমাত্র ভারতীয় অভিনেত্রী হলেন কাজল। এছাড়া, চলচ্চিত্র নির্মাতা রীমা কাগতিও পেয়েছেন আমন্ত্রণ।
তবে অস্কার ছাড়াও সুরিয়া ভক্তদের জন্য আরো সুখবর হচ্ছে, খুব শীঘ্রই নিজের প্রতিষ্ঠান টু ডি এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজক হিসেবে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সুরিয়ার। আর সেটিও হবে 'সুরারাই পত্রু'র হিন্দি রিমেক দিয়ে, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার। ছবিতে ক্যামিওর ভূমিকায় সুরিয়া নিজেও থাকবেন বলে জানা গেছে।
ভারতের লো বাজেট এয়ারলাইন 'এয়ার ডেক্কান' এর প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জিআর গোপীনাথের জীবন নিয়ে নির্মিত হয়েছে 'সুরারাই পত্রু'। যদিও প্রথমে হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও, কোভিড পরিস্থিতির কারণে এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এই মুহূর্তে অভিনেতা সুরিয়া চলচ্চিত্র নির্মাতা বালার সাথে একটি তামিল সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। সিএস চেলাপ্পার লেখা চিত্রনাট্যে 'ভাদিভাসাল' নামের আরও একটি ছবির কাজও আছে অভিনেতার ঝুলিতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
