শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে শ্রমিকদের বেতন বকেয়া আদায় করতে রাস্তায় নামতে হবে না এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে না। শ্রম সংস্কার কমিশন সম্মিলিত এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে সকলের প্রত্যাশা ও বাস্তবতা মাথায় রেখে সুপারিশ প্রণয়ন করবে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বুধবার (১১ ডিসেম্বর) শ্রম সংস্কার কমিশনের উদ্যোগে রাজধানীর শ্রম ভবনে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শ্রম অধিদপ্তরের কেন্দ্রীয়, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের (কুমিল্লা, রংপুর, খুলনা, রাজশাহী, শ্রীমঙ্গল প্রভৃতি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা শ্রমিকদের কল্যাণ তহবিল ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।
শিল্পবিরোধ নিষ্পত্তি, শ্রম অসন্তোষ রোধ, শ্রমিকদের কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তোলা, এবং শ্রমিক কল্যাণ কেন্দ্রগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন কর্মকর্তারা।
কমিশনের সদস্যরা উল্লেখ করেন যে, কেবল আইন সংস্কারই যথেষ্ট নয়; বরং মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মদ (নির্বাহী পরিচালক, বিলস)। আরও উপস্থিত ছিলেন ড. মাহফুজুল হক, জনাব কামরান টি রহমান, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, এডভোকেট এ কে এম নাসিম এবং চৌধুরী আশিকুল আলম।
