বিএনপির অবরোধ: নারায়ণগঞ্জে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
সারাদেশে বিভিন্ন স্থানে অবরোধের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহত তিন পুলিশ সদস্য হলেন- পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন দৈনিক প্রথম আলোকে বলেন, কনস্টেবল নুরুলের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরিদর্শক হুমায়ুন কবিরের ডান হাত কুপিয়ে জখমের পর পিটিয়ে বাম হাত ভেঙে দেওয়া হয়েছে। এএসআই মতিনকে লাঠি ও ইটপাটকেল দিয়ে আঘাত করা হয়েছে।
এছাড়াও সংঘর্ষের সময় অবরোধকারী ব্যক্তিরা ঢাকা-নরসিংদী সড়কে চলাচলকারী অন্তত তিনটি বাস ভাঙচুর করেন বলে জানা যায়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের চেষ্টায় সড়কে যান চলাচল শুরু হয়।
