সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানিয়ে ৩১ লেখকের বিবৃতি, বিচারের দাবি
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানিয়েছেন কবি, লেখক ও সাহিত্যিকসহ দেশের ৩১ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা এসব ঘটনাকে 'নজিরবিহীন ও নিন্দনীয়' বলে উল্লেখ করেন।
শনিবার প্রকাশিত বিবৃতিতে তারা বলেন, "কুমিল্লার ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হলে হাজীগঞ্জ কিংবা অন্যান্য জায়গায় সহিংসতা ও আক্রমণের পুনরাবৃত্তি ঘটত না।"
বিবৃতিতে বক্তারা কুমিল্লার ঘটনাকে পূর্ব-পরিকল্পিত বলে উল্লেখ করে বলেন, কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে ঘটনা সাজিয়ে থাকতে পারে।
"ঘটনা সাজিয়ে তারা সহিংসতার ফাঁদ সৃষ্টি করেছে এবং কিছু মানুষ সেখানে পা দিয়েছে," বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। সাধারণ মানুষ সচেতন হলে এমন ঘটনা ঘটত না বলে উল্লেখ করেন বিবৃতিদাতারা।
"জনগণকে সচেতন করা এবং একটি অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের," বলে উল্লেখ করেন তারা।
বিবৃতিতে ইমতিয়াজ শামীম, শাহনাজ মুন্নী, আহমাদ মোস্তফা কামাল, কবির হুমায়ূন, শামীম রেজা, আলফ্রেড খোকন, টোকন ঠাকুর, রাজীব নূর, পিয়াস মজিদসহ আরও অনেকে স্বাক্ষর করেছেন।
এর আগে, কুমিল্লায় পূজামণ্ডপে 'কুরআন অবমাননা'র অভিযোগে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
