যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় পুলিশের সাথে হেফাজত কর্মীদের সংঘর্ষ, আহত ২
রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির সাথে সংঘর্ষে হেফাজতে ইসলামের দু'জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশব্যাপী ডাকা হরতাল কর্মসূচীতে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
সকাল সোয়া এগারোটায় শুরু হওয়া সংঘর্ষ এ প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বাটিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "হরতাল সমর্থকরা সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করি। রাস্তা ছেড়ে দেয়ার পরিবর্তে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে"।
এর প্রতিক্রিয়ায় বিজিবি রাবার বুলেট নিক্ষেপ করে বলে তিনি জানান। এছাড়া তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষে দুই হেফাজত সদস্য আহত হয়েছেন।
এর পাশাপাশি যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীরা রাস্তায় অবস্থান করায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে হেফাজতের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তারা ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
ঢাকার বিভিন্ন এলাকায় লাঠি হাতে মূল রাস্তা ও অলিগলিতে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে শ্লোগান দিচ্ছে তারা। পল্টন এলাকায় আওয়ামী লীগের একটি দলকে ধাওয়া করেছেন কিছু হেফাজত সদস্য।
এছাড়া গতকাল শনিবার পুলিশের সাথে সংঘর্ষের সময় পাঁচ হেফাজত সদস্য নিহতের ঘটনায় তারা রাজশাহীতে দুটি বাস ও ব্রাহ্মণবাড়িয়ার একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন দেয়।
