বান্দরবানে ঝর্ণায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বান্দরবান সদরে ঝর্ণায় গোসল করতে নেমে ঢাকার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহর থেকে ১০ কিলোমিটার দূরে রেইছা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তাহসান (১৯)। তিনি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা জান্নাতুল বাকীর ছেলে।
কলেজের শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার সকালে কলেজের ১৩২ জনের একটি দল বান্দরবানে শিক্ষা সফরে আসে। দুপুরে ঐ ঝর্ণায় বেড়াতে যায় সবাই। সেখানে গোসল করতে নামলে হঠাৎ নিখোঁজ হয় তাহসান। কিছুক্ষণ পর তাহসানের শরীর ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া জানান, তাহসানের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
