বাংলাদেশের পাওনা ভ্যাকসিন এক মাসের মধ্যে সরবরাহ করবে ভারত
বাংলাদেশসহ প্রতিবেশী অন্যান্য দেশের কেনা ভ্যাকসিনের চালান আগামী জুলাই বা আগস্টের শেষ নাগাদ সরবরাহের পরিকল্পনা করছে ভারত।
প্রতিবেশীদের চালান ছাড়করণের এ পরিকল্পনা এখনও চূড়ান্ত করা হয়নি এবং তার বাস্তবায়ন নির্ভর করবে দেশটিতে কোভিড টিকা উৎপাদনের ওপর। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত এক সংবাদ সূত্রে একথা জানা গেছে।
ইতঃপূর্বে 'ভ্যাকসিন মৈত্রী' নামক কর্মসূচির আওতায় গত জানুয়ারি থেকে কোভিড-১৯ টিকার ডোজ সরবরাহ শুরু করেছিল ভারত। তবে, স্থানীয় পর্যায়ে ডোজের স্বল্পতায় গত এপ্রিলে এসব সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন ডোজ সংগ্রহে ব্যর্থ হওয়ার এ বাস্তবতায় বাংলাদেশ সম্প্রতি চীন ও রাশিয়া থেকে আমদানি ও স্থানীয়ভাবে যৌথ উৎপাদনের দিকে ঝুঁকেছে।
এর আগে বাংলাদেশ অগ্রিম টাকা দিয়ে ভারত থেকে ৩ কোটি টিকার ডোজ সংগ্রহের চুক্তি করেছিল। কিন্তু, ভারত এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ সরবরাহ করে। ফলে দেশে টিকার ডোজ সঙ্কটে টিকাকরণ কর্মসূচি বাধাগ্রস্ত হয়।
তবে কেন্দ্রীয় সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার আগে বাংলাদেশসহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানও ভারত থেকে টিকার চালান পেয়েছিল।
