পল্টনে সমাবেশ করছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা
পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
রবিবার দেশব্যাপী হরতাল কর্মসূচীর অংশ হিসেবে তারা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে সকাল ১১টা ২০ মিনিটে এ বিক্ষোভের সূচনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় নিহতের ঘটনার জেরে ডাকা হরতালে যোগ দিতে বিক্ষোভকারীরা সকাল থেকেই লাঠি হাতে মসজিদের উত্তরপ্রান্তের গেটে জড়ো হতে থাকে এবং হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকে।
পল্টন এলাকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এবং সে গেটের দিকে যেতে উভয় পাশের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে।
শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কয়েকশ কর্মীর সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে তিন হেফাজত কর্মীসহ একজন পথচারী রয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষে এক যুবক নিহত ও ১৪ জন আহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নেতাকর্মীদের নিহত-আহত হওয়ার ঘটনায় হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, "'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তৌহিদী জনতার প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে।'
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে গতকাল সরকার রাজধানী ও দেশের বিভিন্ন অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে।
