দেশে ৫ হাজার মানুষ কোয়ারেন্টাইনে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা সন্দেহে বাংলাদেশের পরীক্ষা করা বাংলাদেশের পাঁচ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে।"
তবে বাংলাদেশ বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক 'ভালো অবস্থায়' আছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, "অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।"
করোনা আক্রান্তদের জন্য টঙ্গির ইজতেমা মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
