চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ
দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে।
শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম সচিব নুরুল ইসলাম।
সভা শেষে তিনি জানান, দেশের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সারাদেশে পবিত্র ঈদুল-ফিতর পালিত হবে।
এদিকে গতকাল শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় কাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন করা হবে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের মসজিদে জামাতে নামাজ পড়ার বিষয়ে আগের কড়াকড়ি সম্প্রতি তুলে নেওয়া হলেও ঈদের জামাতের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে সরকার।
এবার রোজার ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার।
এছাড়াও মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
