বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত আজ শনিবার (২১ মার্চ) যথাক্রমে ৭টা ও সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন।
প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান এবং দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতি করেন।
এছাড়া, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।
ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মুসুল্লিরা সকাল থেকেই বায়তুল মোকাররমে আসতে থাকেন। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এরইমধ্যে সকাল ৭টায় প্রথম জামাতের পর পর্যায়ক্রমে আরও চারটি ঈদ জামাত সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যসহ কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
