করোনা পরিস্থিতিতে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যবীমা দেওয়ার ঘোষণা
দেশে করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় যে সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স নিয়োজিত আছেন, তাদের জন্য বিশেষ সম্মানী ও সুরক্ষা বীমা দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী যারা নিয়োজিত রয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ লক্ষ্যে ইতোমধ্যে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা প্রস্তুত শুরু হয়েছে বলে জানান তিনি।
এসময় করোনা মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের এই জরুরি পরিস্থিতিতে যারা কাজ করছেন তাদের জন্য বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এসময় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। এমনকি পদমর্যাদা অনুযায়ী ৫-১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করা হবে। আর ইতোমধ্যে যারা মারা গেছেন বা ঝুঁকিতে আছেন তাদের ক্ষেত্রে এই বীমার পরিমাণ ৫ গুণ বাড়ানো হবে। তবে জানুয়ারি মাস থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য।
শেখ হাসিনা আরও বলেন, এটা খুবই দুঃখজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে যে কোনোভাবে রোগে আক্রান্ত হয় কিন্তু সে যখন হাসপাতালে চিকিৎসা করতে যায়, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়ায় কোনো ডাক্তার পায়নি চিকিৎসা করতে। এটা সত্যিই খুব কষ্টকর, সত্যিই খুব দুঃখজনক যে ডাক্তাররা কেন চিকিৎসা করবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমি বলব যে আমাদের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের আমাদের সকলেই খুব আন্তরিকভাবে কাজ করেছে। শর্ত দিয়ে যারা কাজ করতে চান, তাদের সেবা দরকার নেই। দরকার হলে দেশের বাইরে থেকে ডাক্তার আনা হবে।
আর যারা এমন আচরণ করছেন, নিজের জীবন বাঁচাতে লুকিয়ে আছেন, রোগীদের সেবা দিচ্ছেন না- ভবিষ্যতে তাদের চাকরি থাকবে কি না, সেটাও দেখা হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
