করোনায় মারা গেছেন সরকারি বাঙলা কলেজের অধ্যাপক খায়ের সামাদী
ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের করোনায় আক্রান্ত হয়ে আজ ঢাকা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
অধ্যাপক আবুল খায়ের, খায়ের সামাদী নামেও সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
অধ্যাপক খায়ের সামাদী সুফিবাদের একজন নিবেদিত গবেষক ছিলেন এবং এই বিষয়ে তার বেশকিছু বই রয়েছে। ১৯৯০ সালে মিরপুর গার্লস আইডিয়াল কলেজে বাংলার প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু হয়। ১৪তম বিসিএস পরীক্ষায় খায়ের সামাদী শিক্ষা ক্যাডার পদে নিয়োগ লাভ করেন; এরপর ১৯৯৩ সাল থেকেই তিনি বিভিন্ন সরকারী কলেজে শিক্ষকতা করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা এই গুণী শিক্ষক তার দীর্ঘ শিক্ষকতা জীবনে নরসিংদী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া কলেজ এবং আরও কিছু প্রতিষ্ঠানে কাজ করেছেন।
খায়ের সামাদী স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন যারা তাকে জীবন, দর্শন এবং সুফিবাদের ওপর তার অনুপ্রেরণামূলক বিভিন্ন বক্তব্যের মাঝে সবসময় মনে রাখবে।
