করোনায় চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) এহসান এহসানুল করিম মারা গেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ চিকিৎসক।
তিনি চট্টগ্রামে করোনায় মারা যাওয়া প্রথম চিকিৎসক। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। করোনা পজেটিভ হওয়ার পর গত চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মারা যাওয়া ডা. এহসানুল করিম চট্টগ্রামের বেসরকারি ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক। তিনি মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) করোনা সেলের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই চিকিৎসকের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।
এই পর্যন্ত চট্টগ্রামে ৭০ জনের বেশি চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
