করোনার উপসর্গ দেখা দিলে না লুকিয়ে চিকিৎসকের পরামর্শ নিন: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস বিষয়ে কারও যদি কোনো উপসর্গ দেখা দেয়, তবে তা না লুকিয়ে রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে 'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর' কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হচ্ছে সেগুলো মেনে চলবেন। বিদেশ থেকে কেউ আসলে তার সঙ্গে মিশবেন না। তাকে অন্তত কিছুদিন আলাদা থাকতে দেবেন।"
শেখ হাসিনা বলেন, "বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্ক শুরু হয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। সচেতন থাকবেন। যে যে কাজগুলো করলে তার মাধ্যমে এ রোগ ছড়ায় সে কাজ করবেন না। যেখানে সেখানে কফ, থুতু ফেলবেন না। হাঁচি কাশি দিলে রুমাল বা টিস্যু ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন।"
করোনা ঠেকাতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ ভাইরাসের বিষয়ে সচেতনতা তৈরির জন্য নিয়মিতভাবে নির্দেশনা দিচ্ছে। সচেতনতামূলক এসব নির্দেশনা সবাইকে অনুসরণ করতে হবে।"
প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশব্যাপী গ্রাম পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়তে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
"আমি আগেও নির্দেশনা দিয়েছিলাম এবং আবারও দিচ্ছি যে আমাদের এমনকি গ্রাম পর্যায়েও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও অন্যান্য জায়গায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকতে হবে," বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে রাজশাহী, যশোর ও ময়মনসিংহের লোকজনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।
সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও অনুষ্ঠানে বক্তব্য দেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাঈদ খোকন অন্যান্যের মাঝে এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে একটি উপস্থাপনা দেন।
