এবার কর্ণফুলীর শাখা খালে মিললো ডলফিনের মৃতদেহ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কর্ণফুলী নদীর শাখা চন্দরিয়া খালে একটি ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ডলফিনের মৃতদেহটি খালে ভাসতে দেখে। এর আগে ৬ জুলাই হালদা নদীর শাখা খাল থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করে স্থানীয়রা।
বোয়ালখালী উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন সাগর জানান, প্রায় সাত ফুট লম্বা ডলফিনটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে একটি দল ঘটনাস্থল মৃত ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেয়।
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী ও কর্ণফূলী নদীর মিঠাপানি অঞ্চলে বিচরণ আছে অতি বিপন্ন জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিনের। কিন্তু মানুষের তৈরী বিপর্যয় ও লবণাক্ততার কারণে মা মাছের পাশাপাশি ডলফিনের আবাসস্থল এখন চরম হুমকির মুখে পড়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত সাড়ে তিন বছরে এই দুই নদীতে মারা গেছে অন্তত ৩০টি ডলফিন।
