নিলামে রবীন্দ্রনাথের আঁকা 'যুগল' ছবির দাম উঠল পাঁচ কোটি টাকা!
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলামে তুলেছিল লন্ডনের বিখ্যাত নিলামকারী সংস্থা ক্রিস্টিস। নিলাম সংস্থার কমিশনসহ পাঁচ লাখ পাউন্ডে (পাঁচ কোটি টাকা) বিক্রি হয়েছে ছবিটি।
নামহীন ছবিটিকে ক্রিস্টিসের সাইটে 'যুগল' নামে অভিহিত করা হয়েছে। তবে ছবিটি কে কিনেছে, তা অবশ্য জানানো হয়নি।
নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল, ছবিটি ৮৮ লাখ থেকে ১.৩ কোটি টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছে তারা।
সংস্থার ওয়েবসাইট অনুসারে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশিরভাগ ছবি থেকে আয়তনে কিছুটা বড়।
১৯৩০ বা তার অল্প কিছুদিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের 'গালেরি পিগাল'-এ সেগুলোর প্রদর্শনী হয়। রবীন্দ্রনাথের কাছ থেকে ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাদের উত্তরসূরীরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিসের নিউইয়র্ক শাখার 'সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট'— এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা
