হাইকোর্টের ৩ বিচারপতিকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বৃহস্পতিবার নির্দেশ দেয়া হয়েছে।
‘অসদাচরণের’ জন্য তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি একেএম জহিরুল হক।
বৃহস্পতিবার আদালতের নিয়মিত কার্যতালিকায় এ তিন বিচারপতির নাম ছিল না।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে পরামর্শের পর তিন বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে, তিন বিচারপতি ছুটি চেয়ে আবেদন করেছেন বলেও জানান সাইফুর রহমান।
