অর্থ আত্মসাতের অভিযোগে সাথিয়ার মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
পৌনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাবনার সাঁথিয়া পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মিরাজুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার রাতে দুদকের পাবনা অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বাদী হয়ে সাঁথিয়া থানায় এই মামলা দায়ের করেন।
দুদকের একটি সূত্র জানিয়েছে, সাঁথিয়া পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ১৩ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে বিভিন্ন সময় ঠিকাদারের বিল দেওয়ার নামে মেয়র ৫ কোটি ৭৫ লক্ষ ৯৩ হাজার ৯৮৪ টাকা উত্তোলন করে নিজ নামে রাখেন। পরে এর মধ্যে ৪ কোটি ৪৭ লক্ষ ৫ হাজার টাকা সংশ্লিষ্ট ঠিদাকাদারকে দেন।
দুদকের এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুদক আইনের ৪০৯ এবং ৫(২) ধারা লঙ্ঘিত হওয়ায় মেয়রের বিরুদ্ধে এই মামলা হয়েছে।
এছাড়া একই সময়ে পাবনা যুব উন্নয়নের ক্রেডিট সুপার ভাইজার গোলাম সারওয়ার, ভাঙ্গুড়া খাদ্য গুমাদের ওসি পরিতোষ কুমার সরকার, ঈশ্বরদীর দরিনারিচা গ্রামের তৈয়ব আলী ও উল্লাপাড়া দলিল লেকক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুদক বিভিন্ন থানায় আরও ৫টি মামলা দায়ের করেছে।
মামলার সত্যতা নিশ্চিত করে দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে। তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হবে।
