ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাসকিনের লম্বা লাফ, সেরা দশে সাকিব
বছর দেড়েক ধরে বল হাতে দারুণ ছন্দে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসার ধারাবাহিকতা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকা সফরেও। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উন্নতি হয়েছে তাসকিনের।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে করেছে আইসিসি, যা বুধবার প্রকাশ করা হয়েছে। তাসকিন ছাড়াও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের, সেরা দশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে র্যাঙ্কিংয়ে ৬০তম স্থানে ছিলেন তাসকিন। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে গত সপ্তাহের হালনাগাদে ১২ ধাপ উন্নতি হয় তার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নেন তাসকিন। এই ম্যাচের পারফরম্যান্সে ১৫ ধাপ এগিয়েছেন তিনি, আছেন ৩৩ নম্বরে। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ পেসার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ার ম্যাচে ২ উইকেট নেন সাকিব। এই ম্যাচের পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সেরা দশে আগে থেকেই ছিলেন বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ, তিনি আছেন সাত নম্বরে।
শেষ ওয়ানডেতে দারুণ ব্যাটিংয়ে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন তামিম। এই পারফরম্যান্সে চার ধাপ উন্নতি হয়েছে তার। ২০তম স্থানে আছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। একই ম্যাচে ৪৮ রান করা লিটন কুমার দাস এগিয়েছেন এক ধাপ, তিনি আছেন ৩০ নম্বরে। ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম।
