নিউ ইয়র্কের পিচ প্রত্যাশিত নয়, জানালো আইসিসি
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ যেন এক দুর্বধ্য গোলকধাঁধা। কোনো বল পিচে পড়ে সাই করে ছুটে আসছে ব্যাটসম্যানের দিকে, তো ঠিক পরের বলই আবার হাঁটু সমান উচ্চতায়ও উঠছে না। যে কারণে এই স্টেডিয়ামের পিচে এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ এই বিশ্বকাপে হয়েছে, সবগুলোতেই দেখা গেছে ব্যাটসম্যানদের অসহায়ত্ব।
কদিন আগেই শেষ হওয়া আইপিএলে রান বন্যা দেখে অনেকে ভেবেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেরকম কিছুরই দেখা মিলবে। কিন্তু ঘটছে তার উলটো। পিচের ধীরগতি আর অদ্ভূত আচরণের জন্য ব্যাটসম্যানরা খাবি খাচ্ছেন। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচগুলো নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনাও চলছে।
বর্তমানে নিউইয়র্কের ড্রপ–ইন পিচগুলো যে অবস্থায় আছে, তাতে কেউ এটিকে 'বিপজ্জনক' আবার কেউ 'জঘন্য' বলে বর্ণনা করেছেন। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের আউটফিল্ডও বেশ ভারী আর মন্থর। স্টেডিয়াম নির্মাণের আগে এ মাঠ ছিল বালুময়। সেই বালু এখনো রয়ে গেছে।
ফিল্ডাররা দৌড়ানোর সময় যেন বালু না ওড়ে এবং মাটি যেন উঠে না আসে, সে কারণে ঘাস কিছুটা বড় রাখতে হয়েছে। এই লম্বা ঘাসের মধ্যে বল প্রায়ই থেমে যাচ্ছে। সমালোচনার বিষয়গুলো আইসিসির নজরেও এসেছে। আর এজন্যই এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সংস্থাটি।
আইসিসি বিবৃতিতে বলেছে, 'আমরা বুঝতে পারছি পিচগুলোর যেরকম আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম সেরকম তারা করছে না। আমাদের বিশ্বমানের মাঠকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন যেন এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। আমরা আশা করছি এই মাঠের পরবর্তী ম্যাচগুলোতে পিচ ঠিকঠাক আচরণ করবে।'
