আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার হয় ২০০৭ সালে। তখন থেকে এই পর্যন্ত হওয়া সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। তার সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ 'দ্য গ্রিন রেড স্টোরি'তে সাকিব নিজের এই ইচ্ছার কথা জানান।
ভিডিওতে সাকিব বলেছেন, 'প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।'
এই বাঁহাতি অলরাউন্ডার আরও বলেছেন, 'আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।'
বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রসঙ্গে সাকিব বলেছেন, 'আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।'
