এশিয়া কাপের দলে তামিম-আফিফ, নেই মাহমুদউল্লাহ
কয়েক দিনের জোর আলাপ-আলোচনার পর অধিনায়কত্ব নিয়ে গতকাল সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে বিসিবি, সাকিব আল হাসানকে করা হয়েছে ওয়ানডে অধিনায়ক। এশিয়া কাপ ও বিশ্বকাপে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। নেতৃত্বের জটিলতা দূর হতেই এশিয়া কাপের দল ঘোষণা করা হলো। আজ শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেধে দেওয়া নিয়ম অনুযায়ী ১২ আগস্টের মধ্যে দল ঘোষণার বাধ্যবাধকতা ছিল। কিন্তু অধিনায়ক চূড়ান্ত না হওয়ায় দল ঘোষণা করা যাচ্ছিল না, শেষ দিনে এসে দল ঘোষণা করলো বাংলাদেশ। দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাককে নিয়ে আজ মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
৩২ জন ক্রিকেটার নিয়ে গত ৩১ জুলাই এশিয়া কাপের বিশেষ ক্যাম্প শুরু হয়। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ২০-২২ জনের প্রাথমিক দল দেওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় একেবারে চূড়ান্ত দল ঘোষণা করা হলো। এই দলে একই পজিশনের জন্য লড়া মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারীদের থাকা না থাকা নিয়ে আলোচনা ছিল।
অধিনায়ক ঘোষণার দিন এই তিন ক্রিকেটারের না থাকার ব্যাপারটি একপ্রকার নিশ্চিত করে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তেমন হয়নি, এই তিন ক্রিকেটারের দুজন আছেন এশিয়া কাপের দলে। জায়গা হয়নি শুধু মাহমুদউল্লাহ রিয়াদের। চমক হিসেবে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, প্রথমবারের মতো ডাক পেলেন তিনি।
অনেক আলোচনার পর জায়গা দেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। দলে আছেন নাঈম শেখ, ফিরেছেন শেখ মেহেদি হাসান। সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদার। শেষ সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন এই ওপেনার। সর্বশেষ সিরিজে চোটে ছিটকে যাওয়া ডানহাতি পেসার এবাদত হোসেনকে ফেরানো হয়েছে। তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিবকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপ। 'বি' গ্রুপে আছে বাংলাদেশ, সাকিবদের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ খেলে পাকিস্তানে যেতে হবে তাদের। ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।
স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।
