মেসিকে নিয়ে মন্তব্য করা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল মায়ামির
লিওনেল মেসি জাদুতে বুঁদ যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সাত গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। যার মধ্যে সর্বশেষ তিন ম্যাচেই করেছেন জোড়া গোল।
মেসির যখন ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিলো, তখনই তার যুক্তরাষ্ট্রের এই ক্লাবে আসা নিয়ে মন্তব্য করেছিলেন মায়ামিরই এক খেলোয়াড়। সেই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাব কর্তৃপক্ষ।
মায়ামিতে মেসির আসার গুঞ্জন শুরু হওয়ার পর মেসিকে নিয়ে মন্তব্য করেন মায়ামির গোলরক্ষক নিক মার্শম্যান। মার্শম্যানের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করল মায়ামি। এ বছরের জুনে মেসির ইন্টার মায়ামিতে আসা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল মার্শম্যানকে।
মার্শম্যান তখন বলেছিলেন, আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিতে প্রস্তুত নয় মায়ামি। ইএসপিএনকে তখন ইন্টার মায়ামির গোলরক্ষক বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি, মেসির আসার জন্য মায়ামি প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম এখনো অস্থায়ী। কোনো গেট না থাকায় মানুষ সহজেই ঢুকে যেতে পারে। নিরাপত্তা ছাড়াই আমরা স্টেডিয়াম থেকে বের হই।'
এই মন্তব্যের দুই মাসের মাথায় মার্শম্যানের সঙ্গে চুক্তি বাতিল করেছে মায়ামি। উল্লেখ্য, ইন্টার মায়ামির নিজেদের স্থায়ী স্টেডিয়াম তৈরি করার কাজ চলমান।
