এবার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি পরিবর্তনের অনুরোধ
গুজরাটে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি মিলে যাওয়ায় ইতোমধ্যে সেটির তারিখ পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫ অক্টোবরের জায়গায় ১৪ অক্টোবর হবে ম্যাচটি।
বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড লিগ পর্বের ম্যাচ হওয়ার কথা ১২ নভেম্বর।
এই ম্যাচের দিনই কলকাতায় সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা। স্থানীয় পুলিশ জানিয়েছে, একসঙ্গে দুটি বড় ইভেন্টের কারণে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে হিমশিম খেতে হতে পারে। কারণে সূচি বদল করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছে সিএবি।
পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ এক দিন এগিয়ে ১১ নভেম্বর খেলার প্রস্তাব করা হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়, বৃহস্পতিবার কলকাতার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিএবি। বৈঠকে পুলিশের পক্ষ থেকে কালীপূজার দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়।
এরপর সিএবির পক্ষ থেকে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিন বদলের অনুরোধ জানিয়ে বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি পাঠানো হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপরই এখন সূচি পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে।
