মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ইন্টার মায়ামির
লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন সবাই। মেসি নিজে ঘোষণা দিলেও, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা এতদিন দেয়নি। অবেশেষে সেই দিনটিও চলে এলো।
গতকাল মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। ২০২৫ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ফুটবলার।
ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস এক বিবৃতিতে বলেন, 'মেসি ও তার পরিবারকে নতুন পরিবেশে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। ২০১৮ সালে আমরা একটি অভিজাত ক্লাব তৈরির অঙ্গীকার করেছিলাম, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা খেলতে আগ্রহী হয়। ভক্তদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে কখনো আস্থা হারাবেন না। একসঙ্গে আমরা স্বপ্নগুলো পূরণ করব।'
আনুষ্ঠানিক ঘোষণার পর মেসি নিজেও রোমাঞ্চিত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, 'ইন্টার মায়ামিও যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের পরবর্তী যাত্রা শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত। এটি দারুণ এক সুযোগ এবং আমরা সবাই সুন্দর একটি প্রজেক্ট তৈরি করব। যে লক্ষ্য আমরা ঠিক করেছি, তা অর্জন করতে একসঙ্গে কাজ করব এবং নতুন জায়গায় নিজেকে মেলে ধরতে চাই।'
মেসিকে আজ মায়ামির সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে । ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে 'মেজর আনভেইলিং ইভেন্ট' নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। পরিচয়পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি।
মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সেই ম্যাচে মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল।
