ফরচুন বরিশালে সাকিবের জায়গায় তামিম
তামিম ইকবালের অবসর ও এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আসার ঘোষণা; দেশের ক্রিকেটে গত দুদিন ধরে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হয়েছে। পরের দিন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ, এক মাসের বিশ্রাম নেওয়ায় এই ম্যাচে তামিম নেই। তবু আলোচনায় তার নাম।
বাংলাদেশ দলে তামিম না থাকায় এটা নিয়ে তো আলোচনা আছেই, অভিজ্ঞ এই ওপেনার এবার শিরোনামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাল্টে। সাকিব আল হাসান ফরচুন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে পাড়ি জমিয়েছেন কদিন আগে। তার জায়গায় তামিমকে বেছে নিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের আগামী আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম, দলটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে তার। শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে ফরচুন বরিশাল। বিবৃতিতে বলা হয়েছে, 'ফরচুন বরিশালের হয়ে আগামী ২০২৪ বিপিএল খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তামিমের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে আজ।'
পরে নিজেদের মিডিয়া গ্রুপে পাঠানো ভিডিওতে ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তাদের দলের নেতৃত্বে থাকবেন তামিম। তিনি বলেন, 'ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরনো পরীক্ষিত বন্ধু। এবং আমি আশা করি ২০২৪ সালে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো, তামিম তার নেতৃত্ব দেবেন।'
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএলে তামিম নিয়মিত। এখন পর্যন্ত সব আসরেই খেলেছেন তিনি। ২০২০ সালে বিপিএলের বদলে আয়োজন করা হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আসরটিতে ফরচুন বরিশালের নেতৃত্বে ছিলেন তামিম। সর্বশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেন তিনি। আগামী আসরে ফরচুন বরিশারের জার্সিতে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।
