‘আইপিএল নিয়ে মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা বাংলাদেশ দল নিয়ে’
জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিন বছরেরও বেশি সময় আগে। ২০২০ সালের মার্চে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্রিকেটের শেষটা ওখানেই ধরা হয়। আবার জাতীয় দলে ফিরতে চান, গত কয়েক বছরে এমন বলতেও দেখা যায়নি তাকে। শেষ তিন বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন মাশরাফি। তবে কোনো কার্যক্রমে সম্পৃক্ত না থাকলেও প্রিয় দল নিয়ে ভাবেন তিনি। তার ভাবনা কেবল জাতীয় দল নিয়েই, বাংলাদেশ থেকে কে আইপিএল খেলতে গেলেন, তা নিয়ে মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবারের আইপিএলে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজুর রহমান তার পুরনো দল দিল্লি ক্যাপিটলসে। বিসিবির শর্তযুক্ত অনাপত্তিপত্রের কারণে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। মুস্তাফিজ ও লিটন খেলতে গেছেন আসরটিতে। প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া মুস্তাফিজ একটি ম্যাচে খেলেছেন, তেমন কিছু করতে পারেননি। দলের সমন্বয়ের কারণে লিটনের একাদশে জায়গা পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা।
তার আইপিএল খেলা না খেলার ব্যাপারটি আমলেই নিতে চান না মাশরাফি। প্রথমবারের মতো লিটনের আইপিএল খেলতে যাওয়ার প্রসঙ্গে প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের নেতৃত্বে থাকা দেশের সফলতম এই পেসার বলেন, 'আইপিএল নিয়ে আমার মাথা ব্যথা নেই। আইপিএলে লিটন খেলল কিনা, খেলবে; এটা নিয়ে আমার চিন্তার কিছু নেই। আইপিএল আমার কাছে মাথা ব্যথা নয়। মাথা ব্যথা হলো বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ভালো খেললে আমরা যারা আছি, দর্শক যারা আছে, আপনারা আছেন, সবাই খুশি হবে।'
মাশরাফির মতে, না খেলালেও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক টানতে বাংলাদেশ থেকে ক্রিকেটার দলে ভেড়ায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। লিটনের আইপিএল খেলতে যাওয়ার ব্যাপারটি ইতিবাচকভাবে দেখলেও আইপিএলের দলগুলোর 'মার্কেটিং'- এর ব্যাপারটি উল্লেখ করেন তিনি, 'আইপিএলে লিটন খেলতে গেছে, খুব ভালো। আমাদের একজন গেছে। আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে গিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে।'
'আমরা উত্তেজিত হয়ে যাই। বাংলাদেশের ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই যে প্রায়োরিটি দেওয়া…। আমরা তো চাই এই যে প্রায়োরিটি, আমাদের ক্রিকেটারদের সামর্থ্য আছে, নিয়ে গিয়ে খেলাক। আমরা সেটা চাই, কিন্তু হয় না তো। তো এ জন্য এটা নিয়ে মাথা ব্যথা দেখিয়ে লাভ নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশ দল।' যোগ করেন মাশরাফি।
