কাতারি শেখ নাকি ব্রিটিশ ধনকুবের- কে হবেন ইউনাইটেডের নতুন মালিক?
ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি হবে এটি পুরোনো খবর। গ্লেজার্সদের কাছ থেকে ইউনাইটেড কে কিনে নেবেন সেটি নিয়ে চলছে ইঁদুর-বেড়াল দৌড়। বিশ্বের অন্যতম বড় এই ক্লাবটিকে কিনতে আগ্রহী ক্রেতার অভাব থাকবে না এটিই স্বাভাবিক।
কিছুদিন আগে ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ ইউনাইটেডকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবকে ছাপিয়ে গেছেন কাতারি শেখ জসিম বিন হামাদ আল থানি।
এখন আবার দৃশ্যপটে হাজির হয়েছেন র্যাটক্লিফ। তার কোম্পানি আইএনইওএস ইউনাইটেডের অধিকাংশ শেয়ার কিনে নিতে রাজি। এই কোম্পানি ইতিমধ্যে বেশ কয়েকটি দলের মালিক। যার মধ্যে আছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল নিস, ফর্মুলা ওয়ান দল মার্সিডিজের শেয়ারের মালিকও তারা।
র্যাটক্লিফ নিজে ইউনাইটেডের বড় সমর্থক, তাই তার হাতে দলের মালিকানা গেলে খুশিই হবেন ইউনাইটেড ভক্তরা। একটি বিবৃতিতে বলা হয়, 'জিম র্যাটক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডের শেয়ার কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আমরা ইউনাইটেডকে তার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই।'
এখন দেখার বিষয়, কাতারি শেখ আর ব্রিটিশ ধনকুবেরের এই লড়াইয়ে কে জেতেন।
