হাথুরুসিংহের কোচ হওয়ার প্রশ্নে সাকিবের উত্তর, ‘নো কমেন্টস’
রাসেল ডমিঙ্গো গত ডিসেম্বরে দায়িত্ব ছাড়লেও প্রধান কোচের পদে অন্য কাউকে খোঁজার প্রক্রিয়াটা বিসিবি শুরু করে আরও আগে। এই প্রক্রিয়ার শুরু থেকেই চান্দিকা হাথুরুসিংহের নাম জোরেসোরে শোনা গেছে। তেমনই হয়েছে, দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচ করা হয়েছে হাথুরুসিংহেকে। মঙ্গলবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ থেকে হাথুরুসিংহের বিদায়ের ধরন ভালো ছিল না। বিভিন্ন কারণের পাশাপাশি কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার দূরত্বের ব্যাপারটি ছিল ক্রিকেটাঙ্গনের মুখরোচক আলোচনার বিষয়।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওখান থেকেই পাঠিয়ে দেন পদত্যাগপত্র। এরপর তিনি দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের। কয়েক বছর পর সেই হাথুরুসিংহেকে ফেরানো ঠিক হবে তো? এমন প্রশ্নে নানা জনের নানা মত। তবে সাকিব আল হাসান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে। মঙ্গলবার বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্লাবটিই। এমন খবরের পর অনেকে ধরেই নেন, দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে।
বিসিবি অবশ্য ধোঁয়াশা রাখেনি, নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে হাথুরুসিংহের নাম প্রধান কোচ হিসেবে ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগেরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেওয়া বক্তব্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে।
হাথুরুসিংহের নাম ঘোষণার আগে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচের পর সাকিবকে প্রধান কোচ সম্পর্কে প্রশ্ন করা হয়। কিন্তু ব্যাপারটি নিয়ে তেমন আগ্রহই দেখাননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
হাথুরুসিংহে কোচ হচ্ছেন কিনা জানতে চাইলে সাকিব বলেন, 'নো কমেন্টস।' হাথুরুসিংহের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় সাকিবকে প্রশ্ন করা হয়, তার সঙ্গে কাজ করতে কেমন লাগে, কিংবা অভিজ্ঞতা কেমন। সাকিব বলেন, 'ঠিক আছে।'
