‘মাশরাফি ভাই আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক’
কারও কাছে তিনি নেতা, কারও কাছে বড় ভাই আবার কারও কাছে বন্ধু; মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটের বড় এক অধ্যায়ের নাম। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মানা হয় তাকেই। ঘরোয়া ক্রিকেটেও অধিনায়ক মাশরাফি দারুণ সফল। সাতটি (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল খেলে চারটিতে দলকে শিরোপা জিতিয়েছেন তিনি।
এবার অধিনায়ক না হলেও আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় মাশরাফি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে ১৮ ডিসেম্বর গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার হয়ে খেলবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এ যাত্রায় মাশরাফিকে দলে পেয়ে রোমাঞ্চিত খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সব সময়ই অগ্রজ মাশরাফির কাছ থেকে শেখার চেষ্টা থাকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। মাহমুদউল্লাহ তাদের মধ্যে একজন। দেরিতে হলেও মাশরাফিকে দলে পেয়ে খুলনা অনেক সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠ, হোটেল, সবখানেই মাশরাফির সঙ্গে আলোচনা হয় তার। যা অধিনায়ক হিসেবে নিজের জন্য সহায়ক হচ্ছে বলে জানালেন মাহমুদউল্লাহ।
ফাইনালের আগেরদিন মাশরাফি স্তুতিতে মাতা খুলনার অধিনায়ক বলেন, 'কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। আপনি যেটা বললেন যে ড্রেসিংরুম এবং বাইরেও আমরা আলাপ-আলোচনা করি, কারণ সে অনেক অভিজ্ঞ। উনার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি, এমনকি আমার জন্যও অনেকটা সহায়ক হয়।'
অনেকের মতো মাহমুদউল্লাহর দৃষ্টিতেও মাশরাফি বাংলাদেশের সফলতম অধিনায়ক। সুযোগ পেলেই মাশরাফির কাছ থেকে ক্রিকেট ভাবনা, পরামর্শ নেওয়ার চেষ্টা করেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, 'আমি সব সময় মাশরাফি ভাইয়েরে সঙ্গে কথা বলি, অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। কারণ সে শুধু অন্যতম নয়, সে আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সফল অধিনায়ক।'
জাতীয় দলকে ওয়ানডেতে দারুণ ছন্দ এনে দেওয়া মাশরাফি যে দেশের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সফলতম, সেটাও মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ। মাশরাফির বিপিএল অভিজ্ঞতা কাজে দেবে জানিয়ে তিনি বলেন, 'চারটা বিপিএল ট্রফি উনার অধীনে, চারটা ফাইনাল খেলেছেন। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যেটা আমাদের দলের জন্য অনেক লাভবান। এটার জন্য আমরা ভাগ্যবান।'
