বাবাকে নিয়ে গল্প লিখল সাকিবকন্যা আলায়না
বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ভালোবাসেন কিনা এমন প্রশ্নে উত্তর ‘হ্যা’ কিংবা ‘না’ দুটোই হতে পারে। তবে তার পাঁচ বছরের কন্যা আলায়না হাসানকে ভালোবাসেন না এমন মানুষ একটিও খুঁজে পাওয়া যাবে না।
সাকিব ও তার স্ত্রী শিশিরের সামাজিক মাধ্যমের একাউন্ট থেকে নানা সময়ে আপলোড করা শিশু আলায়নার বিভিন্ন ছবিতে আশীর্বাদ ও ভালোবাসার বার্তা দেন তার শুভাকাঙ্খীরা।
তবে এবার আলায়নার কোনো ছবি আপলোড দেননি সাকিব। দিয়েছেন আলায়নার হাতে আকা একটি চিত্রকর্ম ও তার নিচে লেখা একটি গল্পের ছবি। আর তাতেই আশীর্বাদ আর শুভকামনার শুভেচ্ছায় ভাসছেন প্রতিভাবান আলায়না।
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলে ওই ছবি আপলোড দেন সাকিব। ক্যাপশনে তিনি লেখেন, “আমার মেয়ের এই কাজ আমার হৃদয় ছুঁয়ে গেছে। স্কুলে ও আমাকে নিয়ে এই চিত্রকর্মটি এঁকেছে এবং আমাকে নিয়ে এই গল্পটিও লিখেছে।”
ওই চিত্রকর্মে আলায়না একটি সাদা কাগজের ওপর লাল রঙে রাঙা একটি জামা এঁকেছে। তার চারপাশে গাড় নীল রঙ। এই ছবিটি যে গল্প বলছে আলায়না তার নাম দিয়েছে ‘আমার বাবা’।
গল্পে সে লিখেছে, ‘আমি পানিতে সাঁতার কাটছিলাম। খুব মজা হচ্ছিল। কিন্তু যখন গভীর পানিতে গেলাম, তখন খুব ভয় করছিল। আমি অনেক গভীরে ডুবে গেলাম। খুব ভয় পাচ্ছিলাম। আমার বাবা আমাকে সাহায্য করল। আমি তাকে ভালোবাসি। আমার খুব আনন্দ হয়েছিল।’
