নেইমারকে তিন ম্যাচে পাচ্ছে না পিএসজি
করোনাভাইরাসের ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবার মাঠের বাইরে নেইমার। পায়ের অ্যাডাক্টর মাংসপেশিতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। যে কারণে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) পরবর্তী তিনটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে চোট পান নেইমার। চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় তাকে। এর দুদিন পর নিশ্চিত হয়, নেইমারকে আপাতত মাঠের বাইরে থাকতে হবে।
শুক্রবার পিএসজি টিভিকে দলটির কোচ টমাস টুখেল জানান, আন্তর্জাতিক বিরতির আগে নেইমারকে ছাড়াই লড়বে তার দল। পিএসজি বস বলেন, 'আমরা দুঃখ প্রকাশ করছি। নেইমারের অ্যাডাক্টরে ছোট চোট পেয়েছে। আন্তর্জাতিক বিরতির পর সে দলে ফিরবে।'
অর্থাৎ, আন্তর্জাতিক বিরতির আগে অনুষ্ঠেয় ম্যাচে নেইমারকে দলে পাবে না পিএসজি। আন্তর্জাতিক বিরতির আগে তিনটি ম্যাচ আছে ফরাসি চ্যাম্পিয়নদের। এক সপ্তাহে লিগ ওয়ানে নঁত ও রেনের বিপক্ষে খেলবে পিএসজি। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগের ম্যাচ আছে তাদের।
কেবল পিএসজির হয়েই নয়, নেইমারের ব্রাজিলের হয়ে খেলা নিয়েও শঙ্কা জেগেছে। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনাই বেশি।
পিএসজি কোচ টমাস টুখেলের কাছে সেটাই মনে হচ্ছে। তিনি বলেন, 'ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না বলে আমার মনে হয়। যদি সে সব ম্যাচ খেলে, এর মানে দাঁড়াবে সে চোট পায়নি। আদতে সে চোট পেয়েছে। বিরতির পর ফিরবে নেইমার।'
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৩ নভেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচে ১৮ নভেম্বর, উরুগুয়ের বিপক্ষে। এই দুই ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে।
