আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা দশে মিরাজ-মুস্তাফিজ
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বল হাতে দাপট দেখানোর পুরস্কার পেলেন বাংলাদেশের দুই বোলার মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলারের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে এই দুজনের। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে চারে নম্বরে উঠে এসেছেন মিরাজ। মুস্তাফিজ ৮ নম্বরে উঠে এসেছেন। সাকিব আল হাসান আছেন ১৩ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সাত উইকেট নিয়েছেন মিরাজ। ইকোনমি রেটেও দারুণ ছিলেন ডানহাতি এই অফ স্পিনার। দারুণ এই বোলিংয়ে র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন মিরাজ। তার রেটিং পয়েন্ট ৬৯৪। এটাই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং বাংলাদেশের এই স্পিনারের।
ক্যারিবীয়দের বিপক্ষে ৬ উইকেট নেওয়া মুস্তাফিজ এগিয়েছেন ১১ ধাপ। বাঁহাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। মুস্তাফিজের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ৫। সাকিব আল হাসান ১৩ নম্বরে আছেন। সবচেয়ে বেশি ১৩ ধাপ উন্নতি হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। তিন নম্বরে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট ৭০০।
এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাও এক ধাপ পিছিয়েছেন, তিনি আছেন ছয় নম্বরে। দুই ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
