আলোচনার দ্বারপ্রান্তে রাশিয়া-ইউক্রেন, পরবর্তী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বেলারুশিয়ান সীমান্তের কাছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। তাস নিউজ এজেন্সি এর রিপোর্ট থেকে জানা গেছে এই তথ্য।
এছাড়া, বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিয়ার সাথে আলোচনায় বসতে রাজি। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, বেলারুসের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সাথে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজি হয়েছেন।
লুকাশেঙ্কো এ সময় কথা দেন, ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।
এর আগে জেলেনস্কি বলেছিলেন, যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতর কোন বৈঠকে তিনি যাবেন না।
ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেন, পরবর্তী ২৪ ঘন্টা ইউক্রেনের জন্য একটি 'গুরুত্বপূর্ণ সময়'।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী সূত্রে জানা গেছে, রোববার 'প্রায় সবদিক থেকে গোলাবর্ষণ চালিয়েছে' রুশ সৈন্য।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে আজ সকাল থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং প্রধান শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের স্টেট সার্ভিস অফ স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন জানিয়েছে এই তথ্য।
- সূত্র: আল-জাজিরা ও বিবিসি
