রাশিয়ার রাজধানীই কি এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য?
চার বছর ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধ। যা এত কাল মূলত ইউক্রেনের মাটিতেই সীমাবদ্ধ ছিল, তা এখন আছড়ে পড়ছে রাশিয়ার রাজধানীতে। ক্রেমলিনের ওপর যুদ্ধ বন্ধের চাপ বাড়াতে এবার রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। ৩০ জুন ইউক্রেন দাবি করেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে রাশিয়ার অন্যতম বৃহত্তম স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে, মস্কোর উত্তরে অবস্থিত এই 'দুবনা স্যাটেলাইট কমিউনিকেশনস সেন্টার'। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, এই কেন্দ্রটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর সামরিক সমন্বয় করা হতো। রাশিয়া অবশ্য এই বিশেষ কেন্দ্রে আঘাতের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি।
