সিরাজগঞ্জে বিপুল অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ এবং ১টি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। ১০ মার্চ কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বলেন, ৯ মার্চ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালায় র্যাব-১২। অভিযানে বিপুল অস্ত্রসহ রাকিব রানা নামে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যে, রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত অস্ত্র কারবারি আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এসব অস্ত্র-গোলাবারুদ আধিপত্য বিস্তার করতে ব্যবহার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা।
