ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত 'হ্যান্ড অব গড' গোলের বলটি নিলামে ৩.৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিখ্যাত ২-১ গোলের ম্যাচে দিয়েগো ম্যারাডোনা এই অ্যাডিডাস অ্যাজটেকা বল দিয়ে দুটি ঐতিহাসিক গোল করেছিলেন।
হেরিটেজ অকশনস বলটির দাম প্রায় ১০ মিলিয়ন ডলার উঠতে পারে বলে ধারণা করেছিল। নিলাম শুরু হয়েছিল ২.৫ মিলিয়ন ডলার থেকে। শেষ পর্যন্ত বলটি প্রত্যাশিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হয়।
ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠানটি বলটিকে 'সম্ভবত যেকোনো খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বল' হিসেবে আখ্যা দিয়েছিল। তারা আশা করেছিল, এটি ফুটবল স্মারক হিসেবে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি বস্তু হতে পারে।
এর আগে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ২০২২ সালে সোথেবিসের নিলামে প্রায় ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। তখন সেটি খেলাধুলার স্মারক হিসেবে রেকর্ড গড়েছিল। পরে ওই বছরই ১৯৫২ সালের টপস মিকি ম্যান্টলের একটি বেসবল কার্ড ১২.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে সেই রেকর্ড ভাঙে।
বর্তমানে খেলাধুলার স্মারক বিক্রির রেকর্ড রয়েছে ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে বেব রুথের পরা নিউইয়র্ক ইয়াঙ্কিসের একটি জার্সির দখলে। ২০২৪ সালে সেটি ২৪.১২ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
'হ্যান্ড অব গড' বলটির দাম শোহেই ওতানির ২০২৪ সালের ঐতিহাসিক মৌসুমে মারা ৫০তম হোমরানের বলের চেয়েও কম। ওই বলটি নিলামে ৪.৩৯২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল, যা যেকোনো ধরনের বলের মধ্যে রেকর্ড।
তবে 'হ্যান্ড অব গড' বলটির মতো এত সমৃদ্ধ ইতিহাস আর কোনো বলের আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মাত্র চার মিনিটের ব্যবধানে এই বল দিয়েই ম্যারাডোনা ফুটবল ইতিহাসের দুটি বিখ্যাত গোল 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি' করেন।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বল দখলের লড়াইয়ে ম্যারাডোনা বাঁ হাত দিয়ে বলটি জালে পাঠান। তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের বিষয়টি দেখতে পাননি। ফলে গোলটি বহাল থাকে।
চার মিনিট পর ম্যারাডোনা আরও একটি অবিস্মরণীয় গোল করেন। নিজের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ৭০ মিটার দৌড়ে তিনি ইংল্যান্ডের ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন।
ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পায়। পরে ম্যারাডোনার নেতৃত্বে দেশটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে।
ম্যারাডোনা পরে স্বীকার করেছিলেন, প্রথম গোলটি আসলে বৈধ হওয়ার কথা ছিল না। তবে তত দিনে 'হ্যান্ড অব গড' ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত উপাখ্যানে পরিণত হয়েছে।
বলটির নিলাম ইতিহাসও বেশ জটিল। কয়েক দশক ধরে এটি ছিল ওই ম্যাচের রেফারি আলি বিন নাসেরের কাছে। তিনি ২০২২ সালে গ্রাহাম বাড অকশনের মাধ্যমে বলটি ২.৩৭ মিলিয়ন ডলারে বিক্রি করেন।
২০২৩ সালে বলটি আবার নিলামে তোলা হয়। তখন গোল্ডিন অকশনে সর্বোচ্চ ২.০৪ মিলিয়ন ডলারের দর উঠলেও বিক্রি হয়নি। কারণ, বিক্রেতার নির্ধারিত গোপন সর্বনিম্ন মূল্য পর্যন্ত দর ওঠেনি।
এ গ্রীষ্মে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল স্মারকের প্রতি আগ্রহ বাড়ায় বলটি আবার নিলামে তোলা হয়। তবে বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসের বেশি সময় পর নিলাম শেষ হওয়ায় সেটি বিক্রির দামে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার আর্জেন্টিনার স্বপ্নও শেষ হয় ফাইনালে। অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় স্পেন। ম্যাচের পর সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও ফুটবল ফেডারেশন শাস্তির মুখে পড়ে।
তবে সাম্প্রতিক বিতর্ক যাই হোক, প্রায় ৪ কোটি আর্জেন্টাইন সমর্থকের কাছে 'হ্যান্ড অব গড' বলটির মূল্য হয়তো অর্থে মাপা সম্ভব নয়।
নিলামের বাজার অবশ্য এর দাম নির্ধারণ করেছে ৩.৩৫ মিলিয়ন ডলার।
