বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকোতে বাঁধভাঙা উল্লাস, বিশৃঙ্খলার মধ্যে পিষ্ট হয়ে নিহত ৩
ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য শেষ ১৬-এর লড়াই নিশ্চিত হওয়ার পর মেক্সিকোর বিশ্বকাপ জয়ের বাঁধভাঙা উল্লাস রূপ নিলো চরম বিষাদে। উদযাপনের সময় ভিড়ের চাপে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিন মেক্সিকান সমর্থক।
ইকুয়েডরের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ের পর মেক্সিকো সিটির রাস্তায় প্রায় ১০ লাখ মানুষ আনন্দ-উল্লাস করেন। সেখানেই দম আটকে প্রাণ হারান ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৪ বছর বয়সী এক ব্যক্তি এবং ৪৮ বছর বয়সী এক নারী।
মঙ্গলবার সকালে মেক্সিকোর রাজধানী শহরের স্বাস্থ্য সচিব এই তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ৪০ বছর পর মেক্সিকোর প্রথম জয়ে দেশজুড়ে এবং দেশের বাইরেও এক অভূতপূর্ব উল্লাসের জোয়ার দেখা যায়। মেক্সিকো সিটির প্রধান উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল ঐতিহাসিক 'অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স' স্মৃতিস্তম্ভের চারপাশের রাস্তাগুলো। এই ল্যান্ডমার্কের কাছেই হামবুর্গ ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে প্রচণ্ড ভিড়ের মধ্যে চাপা পড়ে শ্বাসরোধে ওই তিন সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটে।
তৃতীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, উন্নত জীবনরক্ষাকারী জরুরি চিকিৎসার পরও শ্বাসরোধের কারণে ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে নিজেদের মাটিতে সর্বশেষ বিশ্বকাপ আয়োজনের পর মেক্সিকো আর কখনোই বিশ্বকাপের নকআউট পর্বের কোনো ম্যাচ জেতেনি।
