বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, তুলে দেবেন বিজয়ীর হাতে পুরস্কার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।
ট্রাম্প এখনো এবারের বিশ্বকাপের কোনো ম্যাচে উপস্থিত হননি। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে ট্রাম্প থাকবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস' অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইনফান্তিনো বলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই ম্যাচে তিনি মার্কিন প্রেসিডেন্টের পাশেই থাকবেন।
ইনফান্তিনো বলেন, 'আমরা একসঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে বসে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময় একসঙ্গেই আছি।'
এর আগে গত বছর একই স্টেডিয়ামে চেলসি ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মধ্যকার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। এবার মূল বিশ্বকাপের ফাইনালেও তার উপস্থিতির কথা জানানো হলো।
ক্লাব বিশ্বকাপে ট্রাম্পকে দুয়োধ্বনি
গত বছর ক্লাব বিশ্বকাপের ট্রফি বিতরণের সময় ট্রাম্প যখন মঞ্চে ওঠেন, তখন নিউ জার্সির দর্শকেরা তাকে উদ্দেশ্য করে তীব্র দুয়োধ্বনি দিয়েছিলেন। ট্রফি দেওয়ার পরও তিনি মঞ্চেই দাঁড়িয়ে ছিলেন। এতে বিভ্রান্ত হয়ে চেলসির অধিনায়ক রিস জেমস তাকে ইশারায় জিজ্ঞাসা করেছিলেন যে তিনি মঞ্চ থেকে নামবেন কি না। মিডফিল্ডার কোল পালমারকেও তখন বিভ্রান্ত দেখাচ্ছিল।
তবে ট্রাম্প মঞ্চ থেকে নামেননি, বরং ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনি জেমস এবং গোলরক্ষক রবার্ট সানচেজের মাঝখানেই দাঁড়িয়ে ছিলেন।
এবারের বিশ্বকাপে ট্রাম্প এখনো কোনো ম্যাচ মাঠে বসে না দেখলেও তার প্রশাসনের অন্য সদস্যদের মাঠে দেখা গেছে।
গত ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ফিফা সভাপতির পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে জিতেছিল।
ট্রাম্প-ইনফান্তিনো সখ্য ও সমালোচনা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির সময় ফিফা সভাপতিকে বেশ কয়েকবার ওভাল অফিসে দেখা গেছে।
গত ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে 'ফিফা পিস প্রাইজ' (ফিফা শান্তি পুরস্কার) তুলে দেন ইনফান্তিনো।
পুরস্কার দেওয়ার আগে ফিফার তৈরি করা একটি ভিডিওতে বলা হয়, 'তিনি (ট্রাম্প) যুদ্ধবিরতি চুক্তি এবং কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় সমর্থন দিয়েছেন, যা শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করেছে।'
মঞ্চে উঠে ট্রাম্প বলেছিলেন, 'এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মান। তবে পুরস্কারের চেয়েও বড় বিষয় হলো, আমরা লাখ লাখ মানুষের জীবনও বাঁচিয়েছি।'
তবে ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ায় মানবাধিকার সংস্থাগুলো এবং নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এর তীব্র সমালোচনা করেছিলেন। গত ডিসেম্বরে মানবাধিকার গোষ্ঠী 'ফেয়ারস্কয়ার' ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যকার সম্পর্ক নিয়ে তদন্ত করতে ফিফার নিজস্ব এথিকস কমিটির কাছে দাবিও জানিয়েছিল।
